ক্যাম্পাস
জবির নতুন চারটি বইয়ের মোড়ক উন্মোচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত নতুন চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার (১ মার্চ) বিকালে অমর একুশে বই মেলায় বাংলা একাডেমির গ্রন্থের মোড়ক উন্মোচন মঞ্চে এ গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
নবপ্রকাশিত গ্রন্থগুলোর হলো সমাজবিজ্ঞান বিভাগের ড. আশেক মাহমুদ ও অধ্যাপক ড. ফারহানা জামান যৌথভাবে রচিত ‘Smartphone Addiction in Bangladesh: How School-Children are Affected’; ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ রচিত ‘বাংলা ভাষা ও সাহিত্যে হাদীস চর্চা’; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেজবাহ-উল আজম সওদাগর রচিত ‘Climate Diplomacy of Bangladesh: Trends and Issues’; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম রচিত ‘Voices from the Margins: Community Journalism and Development Realities in Bangladesh’।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন, এ গ্রন্থসমূহের প্রকাশ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। গবেষণাভিত্তিক এসব বই শিক্ষার্থীদের পাঠ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষকদের জন্য সহায়ক হবে। ভবিষ্যতে আরও মানসম্পন্ন প্রকাশনা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অনেকাংশে তার নিজস্ব প্রকাশনার ওপর নির্ভরশীল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর ধরে নিয়মিত প্রকাশনার ওপর গুরুত্বারোপ করে আসছে। লেখকদের মেধা, শ্রম ও সময়ের বিনিয়োগে সৃষ্ট এসব প্রকাশনা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ববিদ্যালয়েরও গৌরব।
অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ।








