ক্যাম্পাস
পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে রুয়েটে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গত বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র মাহে রমজানের মূল্যবোধ, সংযম ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমবেত হন এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার কার্যক্রম শুরু হয়। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।
আয়োজক শিক্ষার্থীদের পক্ষ থেকে যন্ত্রকৌশল বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরেফিন আহমেদ আজমী বলেন, “পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা রুয়েটের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থী-কেন্দ্রিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রাখি।”
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততার মাঝেও এ ধরনের সম্মিলিত আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন প্রত্যাশা রাখেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য ধারণ করে শিক্ষার্থীদের মিলনমেলায় ইফতার মাহফিলটি ক্যাম্পাসে সহযোগিতা পরিবেশ সৃষ্টি বার্তা বহন করে।
ইফতার মাহফিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন। এসময় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক ড. মোঃ আব্দুল্লাহ্ আল মাহমুদ, নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম সহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।








