ক্যাম্পাস
৭০০ শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ‘অটুট বন্ধনে প্রাবিয়ানদের ইফতার’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর প্রায় ৭০০ শিক্ষার্থীকে নিয়ে ‘অটুট বন্ধনে প্রাবিয়ানদের ইফতার’ শিরোনামে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাস সংলগ্ন মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী শোয়েব আল আমিন বলেন, “ছাত্রশিবিরের এমন আয়োজন আমাদের খুবই ভালো লেগেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন আগে কখনো দেখিনি। আমরা চাই ভবিষ্যতেও এমন আয়োজন হোক। এতে শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে।”
আরেক শিক্ষার্থী সাজেদুর রহমান বলেন, “এটি একটি দারুণ আয়োজন। পুরো অনুষ্ঠানটি খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমরা চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বন্ধন সবসময় অটুট থাকুক।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত, যিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য।
এছাড়া উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিম, সেক্রেটারি আশরাফুল ইসলাম জায়েদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।








