ক্যাম্পাস
রমজানে বেরোবির হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে।
হলের একাধিক আবাসিক শিক্ষার্থী জানান, শিক্ষার্থীরা ডাইনিংয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক দিন খাবারের মান ভালো থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মান খারাপ হয়ে যাচ্ছে। অনেক সময় এক দিনের রান্না করা খাবার পরের দিন পরিবেশন করা হয় বলেও অভিযোগ করেছেন তারা। এছাড়া বাজার ও ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।
খাবারের মান খারাপ হওয়ায় হলের মেসেঞ্জার গ্রুপেও বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা চলছে।
হলের আবাসিক শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, শখ করে কেউ রান্না করতে চায় না। এক-দুই দিন ডাইনিংয়ে খাওয়ার পর এমন অবস্থা হয় যে পরের দিন নিজেই রান্না করার মানসিকতা চলে আসে। বাধ্য হয়ে অনেককে রান্না করতে হয়। ডাইনিংয়ে যদি মানসম্মত খাবার দেওয়া হয়, তাহলে অধিকাংশ শিক্ষার্থী সেখানেই খেতে চাইবে।
আরেক আবাসিক শিক্ষার্থী নূর ইসলাম নাঈম বলেন, ডাইনিংয়ের তরকারি দিয়ে এক প্লেটের বেশি ভাত খাওয়া যায় না। এক প্লেট ভাত খেয়ে রোজা রাখা কষ্টকর। অথচ এক মিলের দাম ৫০ টাকা, কিন্তু খাবারের মান আগের মতোই রয়েছে।
আরেক শিক্ষার্থী লিয়াকত আলী বলেন, এভাবে ডাইনিং চলতে পারে না। যদি ঠিকভাবে চালাতে না পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। অনেক দিন ধরেই খাবারের মান খুব খারাপ। তাই কয়েক দিন ধরে বাইরে খেতে হচ্ছে। যদি ১০ টাকা বেশি দিয়েও ভালো খাবার না পাই, তাহলে অতিরিক্ত টাকা দেওয়ার মানে কী?
এ বিষয়ে ডাইনিং ম্যানেজার শাহাদাত হোসেন বলেন,বাবুর্চিরা রান্না খারাপ করে। সেখানে আমার কি করার। তাদের পরিবর্তন করা ছাড়া রান্নার কোন অগ্রগতি হচ্ছে না।
এ ব্যাপারে হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।








