ক্যাম্পাস
প্রথম আলো-ইত্তেফাকের ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জকসুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) জিএস ও শিক্ষা ও গবেষণা সম্পাদকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে জকসু।
বৃহস্পতিবার (৬ মার্চ) জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুর প্রায় ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কক্ষে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সাংবাদিক সমিতির দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার এবং হামলা বন্ধ করার চেষ্টা করেন।
তবে দেশের দুটি শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো ও দৈনিক ইত্তেফাক-এ প্রকাশিত সংবাদের দাবি অনুযায়ী, জকসুর জিএস ও শিক্ষা ও গবেষণা সম্পাদকের নেতৃত্বে ওই হামলা সংঘটিত হয়েছে। জকসুর পক্ষ থেকে বলা হয়েছে, এ সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে তারা হামলা বন্ধ করা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত ছিলেন। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে জকসু তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, যে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করা। অন্যথায় এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাকে প্রশ্নবিদ্ধ করবে।








