জাতীয়
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে পার্থে বাংলাদেশ নারী দল

নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে কঠিন দুই ম্যাচ শেষ করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে অস্ট্রেলিয়ার পার্থে অবস্থান করছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে লাল–সবুজের প্রতিনিধিদের।
টানা দুই ম্যাচের ধকল কাটিয়ে এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল (৯ মার্চ) উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। শেষ ম্যাচটি জিতে টুর্নামেন্টে ইতিবাচক সমাপ্তি টানাই লক্ষ্য কোচ পিটার বাটলারের শিষ্যদের।
পার্থে পৌঁছানোর পর গতকাল পুরো দিন বিশ্রামে কাটিয়েছেন আফঈদা খন্দকাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় দলের অস্ট্রেলিয়ান প্রবাসী ফিজিও ইসনাদ জামান জানান, উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটি মানসিকভাবে কঠিন ছিল। তবে দ্রুতই সেই ধাক্কা কাটিয়ে উঠেছে খেলোয়াড়রা।
তিনি বলেন, “মেয়েরা এখন ভালো আছে। সত্যি বলতে চীনের বিপক্ষের ম্যাচটি শারীরিকভাবে বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে দলে কোনো ইনজুরি নেই, সবাই সুস্থ আছে।”
উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলের খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক মনোভাব দেখছেন ফিজিও ইসনাদ। তার ভাষায়, “৫–০ গোলে হারের পরও তারা ভেঙে পড়েনি। সবাই জানে উত্তর কোরিয়া শক্তিশালী দল। এখন তাদের পুরো মনোযোগ পরের ম্যাচে।”
আজ পার্থে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। গত ম্যাচের ভুলগুলো শোধরানোর দিকেই নজর দেবেন কোচ পিটার বাটলার।
এদিকে দলের নিয়মিত ফিজিও লাইজু ইয়াসমিন অসুস্থতার কারণে অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি। তার পরিবর্তে এশিয়ান কাপের জন্য ইসনাদ জামানকে নিয়োগ দিয়েছে বাফুফে। অল্প সময়ের মধ্যেই দলের সঙ্গে ভালো সমন্বয় তৈরি হয়েছে বলে জানান তিনি।
ইসনাদ বলেন, “টেকনিক্যাল টিম খুবই গোছানো। তারা আমাকে সহযোগিতা করছেন। এজন্য আমি নির্বিঘ্নে মেয়েদের সহায়তা করতে পারছি।”








