জাতীয়
নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম। মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে দাখিল করা হয়।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, বেলা সাড়ে ১১টায় মামলাটি গ্রহণযোগ্যতার বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন নাসিরুদ্দীন পাটওয়ারী।
বাদীর দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকে নাসিরুদ্দীন পাটওয়ারী আরও বেশি করে সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও আপত্তিকর মন্তব্য করছেন।
সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে দেওয়া তার বক্তব্য বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেখানে মির্জা আব্বাসকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করেছে বলে দাবি করা হয়।
মামলার আবেদনে আরও বলা হয়েছে, এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং এতে মির্জা আব্বাসের সম্মানহানি ঘটেছে।
এ ঘটনায় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও আদালতের কাছে করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে শুনানি শেষে সিদ্ধান্ত দেবেন।








