জাতীয়
বিদ্যুতের দাম আপাতত বাড়ানো হবে না: জ্বালানিমন্ত্রী

বিদ্যুতের দাম আপাতত বাড়বে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’
রোববার (৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
জ্বালানি মন্ত্রী বলেন, ‘বেলা ১১টায় একটা তেলভর্তি জাহাজ এসেছে পৌঁছেছে। এছাড়া আজ আরও একটা জাহাজ আসবে।’
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, ‘পেট্রোল পাম্পের সামনে গেলে দেখা যায় বিশাল লাইন। যেহেতু যুদ্ধ চলছে, শোধনাগার বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, সেজন্য আমার কাছে যে মজুত আছে, সেটা সাশ্রয়ী ব্যবহার করতে বলেছি। রেশনিং করতে বলেছি। কারণ আমরা জানি না যুদ্ধ কতদিন চলবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় আসার কিছু দিন পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলো, যেটির সঙ্গে জড়িয়ে আছে জ্বালানির প্রধান ইস্যু। আমরা একটি ভঙ্গুর অবস্থা পেয়েছি। ঋণে ঋণে জর্জরিত অবস্থা রয়েছে। এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাকে প্রতিদিন মানুষের কাছে জবাবদিহিতার মধ্যে আসতে হয়। আমাকে প্রতিনিয়ত জবাবদিহিতা করতে হয়।’








