ক্যাম্পাস

জবি ছাত্রদলের কমিটি ভাঙার গুঞ্জন

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জবি ছাত্রদলের কমিটি  ভাঙার গুঞ্জন- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। গুঞ্জন চলছে খুব শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে নতুন কমিটির। একইসাথে পরিবর্তন হবে সরকারি ও বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয় গুলোর শাখাগুলোর কমিটিও। আসতে যাচ্ছে নতুন নেতৃত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ভেঙে হয়ে সম্পাদকীয় কমিটি ঘোষণার জোরালো গুঞ্জন চলছে।


দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হলে পর্যায়ক্রমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটিতেও নতুন নেতৃত্ব আনা হতে পারে। সে ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতেও নতুন মুখ দেখা যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


এদিকে গত রোববার (৮ মার্চ) দ্রুতই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। সাভারে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত চিফ হুইপ ও হুইপদের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


রকিবুল ইসলাম বকুল বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পুরোনো কমিটি থাকায় সংগঠনের কার্যক্রমে গতি আনতে দলীয় হাইকমান্ডের নির্দেশে কাজ করছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। তবে এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় নতুন করে সব বিশ্ববিদ্যালয়ে কমিটি দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, “আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করব। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হবে।”


ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদও সম্প্রতি শেষ হয়েছে। এর আগে ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। দুই বছর মেয়াদি এই কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে।


অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটি গঠন করা হয় ২০২৪ সালের ২৪ ডিসেম্বর। ওই দিন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং ২০০৯-১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্যসচিব করা হয়। সম্মেলনের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটিতে আলোচনায় যারা:

কেন্দ্রের সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষণা করা হবে। তাদের মধ্যে আলোচনায় রয়েছেন অনেকে। এর মধ্যে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন,মো.মোস্তাফিজুর রহমান রুমি, সাখাওয়াত ইসলাম খান পরাগ,কাজী রফিকুল ইসলাম,নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়ালসহ অনেকের নাম আলোচনায় রয়েছে। কেন্দ্রীয় সূত্রে জানা যায় এসকল নেতাকর্মীরা শীর্ষ পদের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন দলীয় সিনিয়র হাই কমান্ডদের নিকট।


সম্পর্কিত খবর