জাতীয়

লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

‘বাংলাদেশ আর কারও কথার অধীনে থাকবে না’

ডেস্ক

শেয়ারঃ

‘বাংলাদেশ আর কারও কথার অধীনে থাকবে না’- খবরের থাম্বনেইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ আর কোনো দেশের নির্দেশ বা প্রভাবের অধীনে চলবে না; বরং নিজস্ব স্বার্থ ও সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে।


সোমবার (৯ মার্চ) পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান অঙ্গীকার হলো স্বাধীন ও স্বার্থনির্ভর কূটনীতি। তিনি উল্লেখ করেন, তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাবে।


খলিলুর রহমান বলেন, অতীতে এক ‘ফ্যাসিবাদী’ সময়কালে দেশের পররাষ্ট্রনীতি অন্য একটি দেশের কাছে কার্যত বন্ধক রাখা হয়েছিল। সে সময় নীতিনির্ধারণে স্বাধীন মতামত বা কার্যকর ভূমিকা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক মর্যাদা রক্ষা করা।


মন্ত্রী আরও বলেন, এই নীতিগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। সেই সময়টিকে তিনি বাংলাদেশের কূটনীতির “সোনালি সময়” বলে উল্লেখ করেন এবং বলেন, দেশ আবার সেই ধারায় ফিরে যাচ্ছে।


এদিকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সদস্যসচিব খসরুজ্জামান খসরু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল আহমেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।


সম্পর্কিত খবর