জাতীয়
দেশের নাগরিকেরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকেরা দুর্বল হলে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।
শনিবার দুপুর ১২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বিহার অধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানের মাধ্যমে সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ সংশ্লিষ্ট উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা। প্রতিটি মন্দিরের জন্য ৮,০০০ টাকা রাখা হয়েছে, যা থেকে পুরোহিত পাবেন ৫,০০০ টাকা এবং সেবায়েত ৩,০০০ টাকা।








