জাতীয়
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগামীকাল পর্যন্ত ব্যবস্থা না নিলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১দলীয় ঐক্য। ২৮ মার্চ শীর্ষ নেতাদের বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি ও ঘোষণা করা হবে।
শনিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
হামিদুর রহমান আযাদ বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাঙ্গামা তুলনামূলক কম হলেও জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। নির্বাচনের ফলাফলে জনগণের প্রত্যাশার প্রতিফলন না ঘটলেও আমরা তা জাতির বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই সনদ আদেশের ওপর গণভোট হয়েছে, যেখানে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় দুটি অধিবেশন ডাকার কথা, কিন্তু একটিই ডাকা হয়েছে। বিএনপির সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংস্কার কমিশনের শপথ নেননি। ফলে জনগণের সঙ্গে প্রতারণার আশঙ্কা দেখা দিয়েছে।”
হামিদুর রহমান আযাদ বলেন, “সংস্কার কমিশনের অধিবেশন না ডাকায় আমরা উদ্বিগ্ন। নিয়মানুযায়ী ৩০ দিনের মধ্যে এটি ডাকার কথা, যা আগামীকাল শেষ হচ্ছে। অবিলম্বে সরকার যেন অধিবেশন ডাকার ব্যবস্থা নে, না হলে আমরা আন্দোলনে বাধ্য হব। সিদ্ধান্তটি আজকের ১১দলীয় নেতাদের বৈঠকে হয়েছে।”
তিনি যোগ করেন, “আমাদের আমির বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে সহযোগিতা করতে চাই, তবে সঠিক ভূমিকা না নিলে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।”
বৈঠকে ছয় সিটিতে প্রশাসক নিয়োগ, প্রশাসনে দলীয়করণ এবং নির্বাচন বিলম্বের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দক্ষ কর্মকর্তাদের পরিবর্তে রাজনৈতিক সংযোগের ভিত্তিতে পদায়ন বন্ধের দাবি জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা জুলাই সনদ আংশিক নয়, পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। ডেপুটি স্পিকারের নাম প্রস্তাবের ক্ষেত্রে উদার হোন।”
বৈঠকে ১১দলীয় ঐক্যের সব শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।








