জাতীয়

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু: ভূমিমন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু: ভূমিমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশের সর্বত্র প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ চালানোর ঘোষণা দিয়েছেন।


বর্ষা মৌসুমের আগে রাজশাহীতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন, মঞ্চ নির্মাণ বা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি। নিয়মিত খাল ও জলাধার পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব।’


উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ বা বেলুন ব্যবহার করা হয়নি। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল আমাদেরই পরিষ্কার করতে হবে। বিতর্ক নয়, পরিচ্ছন্নতাই এখন প্রধান লক্ষ্য। এডিস মশার প্রজননক্ষেত্র যাতে তৈরি না হয়, সেই উদ্দেশ্যে অভিযান শুরু করা হয়েছে।’


রাজশাহী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা মিলিতভাবে এ কর্মসূচি আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উপজেলা প্রশাসক।


গত ১১ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বিশেষ ভিডিওবার্তায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান। সেই ধারাবাহিকতায় আজ থেকে দেশব্যাপী প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো।


সম্পর্কিত খবর