ক্যাম্পাস

বেরোবি কেন্দ্রীয় মসজিদের সামনে গাছ কাটা: নিলাম প্রক্রিয়া বাতিল, কর্মচারীকে শোকজ

বেরোবি প্রতিনিধি

শেয়ারঃ

বেরোবি কেন্দ্রীয় মসজিদের সামনে গাছ কাটা: নিলাম প্রক্রিয়া বাতিল, কর্মচারীকে শোকজ- খবরের থাম্বনেইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদের সামনে গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া আলোচনা ও উদ্বেগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


শনিবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রশাসন জানায়, নিয়ম ভঙ্গ করে গাছ কাটার ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মচারীকে শোকজ করা হয়েছে এবং পুরো নিলাম প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোনো ঈদগাহ ময়দান না থাকায় প্রতিবছর বিপুল সংখ্যক মুসল্লির ঈদের জামাত সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটি মসজিদের সামনের একটি স্থান উপযোগী করার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের অংশ হিসেবে সেখানে থাকা কিছু গাছ সরকারি বিধি অনুসরণ করে মূল্যায়ন ও নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয় এবং সর্বোচ্চ দরদাতার কাছে তা বিক্রি করা হয়।


প্রশাসনের প্রাথমিক তথ্যমতে, বিক্রয় প্রক্রিয়ায় কোনো প্রশাসনিক বা আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট ক্রেতা ওয়ার্ক অর্ডার পাওয়ার আগেই কর্তৃপক্ষকে অবহিত না করে গাছ কাটার কাজ শুরু করেন, যা নিয়মবহির্ভূত।


বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক বিশ্ববিদ্যালয় কর্মচারীকে শোকজ করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দায় নির্ধারণের পর আগামী ১ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।


প্রশাসন আরও জানায়, ওয়ার্ক অর্ডার পাওয়ার আগেই গাছ কাটার কাজ শুরু করায় সংশ্লিষ্ট ক্রেতাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে না এবং পুরো নিলাম প্রক্রিয়াই বাতিল করা হবে।


সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উদ্বেগ ও আবেগকে সম্মানের সঙ্গে বিবেচনার কথা উল্লেখ করে এবং ক্যাম্পাসের পরিবেশ ও সবুজায়ন রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এর অংশ হিসেবে শনিবার ক্যাম্পাসে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে ৯০টি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রশাসন জানায়, ভবিষ্যতে উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আরও সমন্বয় ও সংলাপের মাধ্যমে এগিয়ে যাওয়া হবে। পাশাপাশি এ বিষয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর হবে এবং সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সবুজ ক্যাম্পাস পরিবেশ বজায় থাকবে।


সম্পর্কিত খবর