জাতীয়
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট ভেঙে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। তারা অভিযোগ করেছে, অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও কারসাজির কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, যার ফলে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন।
রোববার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত র্যালি ও প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি।’
ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাজারে সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, ভোক্তার অধিকার সুরক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ জরুরি।
সভায় বক্তারা আরও বলেন, ভেজাল ও নিম্নমানের পণ্য, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং রোজা-ঈদকে কেন্দ্র করে বাজার অস্থিতিশীল হয়ে পড়ছে। উৎপাদন থেকে শুরু করে বাজার পর্যায়ে সিন্ডিকেট ভেঙে কঠোর নজরদারি, নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।
ক্যাবের কোষাধ্যক্ষ ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার বলেন, ভোক্তার অধিকার রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বক্তারা আরও দাবি করেছেন— ভেজাল, নকল ও অনিরাপদ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি ও মজুতদারির বিরুদ্ধে আইন প্রয়োগ, পণ্যের সঠিক মূল্য ও মেয়াদ উল্লেখ, ভুয়া বিজ্ঞাপন বন্ধ এবং অনলাইন ও ই-কমার্সে বিক্রি হওয়া পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা।
উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে ১৫ মার্চ বিশ্বব্যাপী ‘বিশ্ব ভোক্তা-অধিকার দিবস’ পালিত হয়ে আসছে।








