ক্যাম্পাস
বেরোবিতে কাটা গাছের দ্বিগুণ গাছ লাগাবে প্রশাসন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে কয়েকটি গাছ কেটেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বুধবার (১১ মার্চ) ছোট বড় মিলিয়ে ৩২টি গাছ কাটা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। যদিও তৎক্ষণাৎ মসজিদ কমিটির বিবৃতিতে ১৫/১৬ টি গাছ কাটার কথা উল্লেখ করা হয়।
গাছ কাটার পরপরই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি বিবেচনায় গাছ কাটার কার্যক্রম স্থগিত করে প্রশাসন।
এদিকে ওই দিন রাতে মসজিদ কমিটি বিবৃতি দিয়ে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত প্রশাসনিক বিধি অনুসরণ করে গাছগুলো বিক্রয়ের জন্য উন্মুক্ত টেন্ডার আহ্বান করা হয় এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হয়। তবে টেন্ডারে গাছ ক্রয়কারী ব্যক্তি কমিটিকে অবহিত না করে ছুটির দিনে মসজিদের সামনের ১৫–১৬টি গাছ কেটে ফেলেন।
এ বিষয়ে কমিটিকে না জানিয়ে গাছ কাটার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় মসজিদের সামনে গাছগুলো পশ্চিম–পূর্ব দিকে লাগানো ছিল। ফলে বাহিরে ঈদের নামাজ উত্তর–দক্ষিণমুখী হয়ে কাতারে দাঁড়াতে মুসল্লিদের অসুবিধা হত। এ কারণে মাঝখানে থাকা কিছু গাছ কাটা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসন আরও জানায়, ইতোমধ্যে যে সংখ্যক গাছ কাটা হয়েছে তার দ্বিগুণ গাছ কেনা হয়েছে। শিগগিরই পরিকল্পিতভাবে সেগুলো রোপণ করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, মসজিদের সামনে যেসব গাছ অপরিকল্পিতভাবে ছিল, সেগুলোই কাটা হয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিবের বিবৃতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মসজিদের খতিব যে বিবৃতি দিয়েছিলেন, সেটি ভাষাগতভাবে সঠিক ছিল না। পরে সেটি মডিফাই করে জনসংযোগ দপ্তর থেকে বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে।








