ক্যাম্পাস
প্রশাসনের আর্থিক সহায়তা চান হৃদরোগে আক্রান্ত বেরোবির বাস চালক আরিফ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত বিশ্ববিদ্যালয় বাসের চালক আরিফ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আর্থিকভাবে সচ্ছল না হওয়ায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগের একটি নাম ‘কমলা সুন্দরী’ বাস। দীর্ঘদিন ধরে এই বাসের চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আরিফ আহমেদ।
গত ১২ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ সময় তার চিকিৎসা ব্যয় প্রায় এক লাখ টাকা হয়েছে বলে জানান। এর আগে গত বছরের ১৭ জুনও তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে মাত্র ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।
বর্তমানে অসুস্থতার কারণে তার পক্ষে চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। এজন্য তিনি ঋণ নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং প্রশাসনের সহায়তা প্রত্যাশা করছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, যেকোনো প্রয়োজনে আরিফ ভাইকে ডাকলেই পাওয়া যায়। অতীতে রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দ্রুত বাস নিয়ে এসে তিনি শিক্ষার্থীদের সহায়তা করেছেন। এছাড়া অফিস সময়ের বাইরেও প্রয়োজনে তিনি বাস সার্ভিস দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করেন। তাই তার এই দুঃসময়ে প্রশাসনের উচিত তার পাশে দাঁড়ানো।
বাস চালক আরিফ আহমেদ বলেন, আমি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কমলা সুন্দরী বাসের চালক হিসেবে কাজ করছি। কিন্তু এখন হৃদরোগে আক্রান্ত হওয়ায় আমার পক্ষে চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। তাই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।








