জাতীয়
নরসিংদীতে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন

নরসিংদীর ৬ উপজেলার ৭১টি ইউনিয়নে ২৮৫টি খাল নতুনভাবে খনন ও পুনঃখনন করা হবে। এর অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) দুপুরে মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খালের খনন কাজ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এছাড়া জেলার পাঁচজন সংসদ সদস্য, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, “কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রীও কথায় নয়, কাজে বিশ্বাসী। পৃথিবীতে পানির প্রবাহ ঠিক রাখতে না পারলে মানব সভ্যতা বিপদের সম্মুখীন হবে। এজন্য খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আন্তর্জাতিক নদী অধিকার রক্ষা ও সীমান্তে বাঁধ না রেখে স্বাভাবিক জলপ্রবাহ বজায় রাখা দরকার, যাতে লবণাক্ততার কারণে বাংলাদেশের উর্বরতা ক্ষতিগ্রস্ত না হয়।”
উদ্বোধক হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “কৃষকের জমিতে সেচসহ উৎপাদন বৃদ্ধি করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খনন শুরু হয়েছে। এটি লোক দেখানো নয়, বরং জনগণের বাস্তব কাজে ব্যবহার হবে। আগামী বর্ষার আগে কৃষকরা এই খালের পূর্ণ সুফল পাবেন।”
দেশব্যাপী খাল খনন ও পুনঃখননের অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মহিষাখালী খাল খনন কার্যক্রমের সূচনা করা হয়।








