জাতীয়
পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করছে সরকার: সেতুমন্ত্রী

সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার ধাপে ধাপে তেল সরবরাহ নিশ্চিত করার জন্য কাজ করছে এবং আন্তর্জাতিক ও জাতীয় সংকট থাকা সত্ত্বেও জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
মঙ্গলবার সকালে পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের ৭০ কিলোমিটার এলাকায় রাবনাবাদ নদীর ওপর ‘রাবনাবাদ সেতু’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার ২৫ দিনের হলেও জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। রাবনাবাদ সেতু নির্মাণ হলে জনদূর্ভোগ কমবে, এলাকার অর্থনীতিতে গতি আসবে, উৎপাদিত পণ্য সহজে পরিবহন করা সম্ভব হবে এবং উপজেলা থেকে জেলা ও রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত হবে, যা দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।








