জাতীয়
মশক নিধনে ঢাকার দুই সিটিকে তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার দুই সিটি করপোরেশনকে মশক নিধনে আরও তৎপর থাকার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন সমস্যা নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ এবং দুই সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় তৈরি করারও নির্দেশ দিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করা কর্মীদের জন্য প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে প্রথমবারের মতো ঈদের বোনাস প্রদান করেছেন। তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শক্রমে দেশে যন্ত্রপাতি উৎপাদনের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান জানিয়েছেন, প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনা অটোমেশন এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নে ইলেকট্রনিক থ্রি-হুইলার ব্যবহারে জোর দিয়েছেন। তিনি বলেন, আমদানির চেয়ে দেশে যন্ত্রপাতি তৈরি করাকে অগ্রাধিকার দেওয়া হবে।








