ক্যাম্পাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৬ তম উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেন।
এর আগে গত সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে নতুন উপাচার্যের নাম ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখাসহ প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের এক আদর্শ জ্ঞানকেন্দ্রে উন্নীত করার প্রত্যয়ও ব্যক্ত করেন। তিনি তাঁর দায়িত্ব পালনের জন্য গঠনমূলক সমালোচনাও আশা করেন বলে উল্লেখ করেন।
এছাড়াও তিনি ক্যাম্পাসে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাসহ সর্বোচ্চ সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
পরে নবনিযুক্ত উপাচার্য শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। এরপর তিনি শহীদ মিনার ও বদ্ধভূমি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সিনেট ভবন চত্বরে তিনি একটি বৃক্ষরোপন করেন।
যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে উচ্চশিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।এরপরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন তিনি।








