ক্যাম্পাস

বেরোবিতে চুরির ঘটনা যেন থামছেই না

বেরোবি প্রতিনিধি

শেয়ারঃ

বেরোবিতে চুরির ঘটনা যেন থামছেই না- খবরের থাম্বনেইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চুরির যেন থামছেই না।


সম্প্রতি কবি হেয়াত মামুদ ভবনের নিচতলা থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন চুরির ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজে এক কর্মচারীকে সেটি নিতে দেখা যায়। পরবর্তীতে তিনি উপাচার্যের কাছে ক্ষমা চেয়ে মেশিনটি ফেরত দেন।


এরই ধারাবাহিকতায় গত ১৬ মার্চ (সোমবার) বন্ধ ক্যাম্পাসে শহীদ মুখতার ইলাহী হলের দ্বিতীয় তলা থেকে তালা ভেঙে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি নেটওয়ার্ক সুইচ চুরি হয়। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে পরদিন ১৭ মার্চ (মঙ্গলবার) রাতে হলের নিচতলায় সুইচটি পাওয়া যায়।


ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হওয়ায় ভয়ে চোর সেটি ফেরত রেখে যায়। এ ঘটনায় হল প্রশাসন সহকারী প্রভোস্ট চার্লস ডারউইনকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।


শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী নয়ন মিয়া বলেন, বেরোবিতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। শিক্ষার্থীদের ল্যাপটপ, সাইকেল, মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যাচ্ছে। আমরা মনে করি, এসব ঘটনায় অভ্যন্তরীণ ব্যক্তিদের সম্পৃক্ততা থাকতে পারে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে চুরি বন্ধ হবে না।


আরেক আবাসিক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, নিরাপত্তাকর্মীরা কী দায়িত্ব পালন করছেন, তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। হল প্রায় ফাঁকা থাকাকালে এমন চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক।


বাংলা বিভাগের শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, হল প্রভোস্ট দায় বেড়াতে পারে না। হলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে। অভ্যন্তরীণ ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা বেশি। হলের ভেতরে সিসিটিভি না থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন এবং দ্রুত তদন্ত সম্পন্ন করা প্রয়োজন।


একাধিক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে চুরি ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে নিরাপত্তা জোরদার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা হল প্রভোস্টের সঙ্গে কথা বলেছি এবং তদন্ত কমিটি গঠন করেছি। যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর