ক্যাম্পাস
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন জাবি ছাত্রদলের আহ্বায়ক বাবর

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
বৃহস্পতিবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে।”
শুভেচ্ছা বার্তায় বাবর বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তারা বিরোধী দলের রাজনীতি করেছেন। ফ্যাসিবাদী সরকারের পতনের পর জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। দীর্ঘদিনের জুলুম-নির্যাতনের পর এবার নির্বাচিত সরকার হিসেবে ঈদ উদযাপন করতে যাওয়াকে তিনি আনন্দের হলেও কিছুটা বেদনাদায়ক বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “এই ঈদ আমাদের কাছে অত্যন্ত আনন্দের। তবে একই সঙ্গে বেদনাও রয়েছে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়াই এবার আমাদের ঈদ উদযাপন করতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে বার্তায় বাবর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি সবুজ ও সুন্দর ক্যাম্পাস, যেখানে সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার চেষ্টা করে। কিন্তু ইদানীং কিছু শিক্ষার্থী আত্মহত্যা ও বিভিন্ন নেতিবাচক প্রবণতার দিকে ঝুঁকে পড়ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি শিক্ষার্থীদের এসব প্রবণতা থেকে বের হয়ে নিজেদের পরিশুদ্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন জোরদার করে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কথা বলা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বাবর বলেন, “সবমিলিয়ে এই ক্যাম্পাসকে একটি সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ণ ক্যাম্পাসে রূপান্তর করাই আমাদের উদ্দেশ্য।”








