জাতীয়
বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে ঈদ এসেছে। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদ উদযাপন করছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে।"
তিনি আশা প্রকাশ করেন, “দেশবাসী ভয়ভীতিমুক্তভাবে চলাফেরা করতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। জনগণ ‘জানমাল ও ইজ্জত-আব্রু’ নিরাপত্তা পাবে। দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারবে।”
ঈদ শুভেচ্ছার সঙ্গে তিনি সরকারের প্রতি সতর্কবার্তাও দিয়েছেন। বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।”
শেষে তিনি শহীদ ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেয়েছে, মহান আল্লাহ তাদের কবুল করুন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”








