জাতীয়
সংবিধান সংস্কারে দ্রুত সিদ্ধান্ত নিলে সংকট দ্রুত কাটবে

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল যত তাড়াতাড়ি সংবিধান সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নেবে, সংকট তত দ্রুত কাটবে। তা না হলে, “আমাদের পথও খোলা, তাদের পথও খোলা। জনগণের সমর্থন নিয়ে আমরা আমাদের দাবি আদায় করব—ইনশাআল্লাহ।”
রোববার (২২ মার্চ) বেলা ১১টায় ঈদ-পরবর্তী সফরে সিলেটে ভিআইপি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জনগণের কাছে দুইটি ভোট চেয়েছি—একটি গণভোট, আরেকটি সংসদ নির্বাচনের ভোট। জনগণ দুটিই দিয়েছে। একটি বৈধ হলে অন্যটি কেন অবৈধ হবে? আমরা চাই, জনতার সর্বোচ্চ রায়কে সবাই সম্মান করুক।”
তিনি আরও উল্লেখ করেন, “ঢাকা থেকে সিলেটে আসার পথে সড়কের ভাঙাচোরা অংশে বলেছি ‘ওয়েলকাম টু সিলেট’। সিলেট-ঢাকা সড়কের অবস্থা খুব নাজুক। শুধু সড়ক নয়, সব খাতেই সিলেটের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।”
ডা. শফিকুর রহমান বলেন, সিলেটের উন্নয়ন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন। বিরোধী দল হিসেবে জনগণের পক্ষে দাবি তোলা হবে, তবে বাস্তবায়নের দায়িত্ব সরকারের।
স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন, যাতে জনগণের কাজ প্রান্তিক পর্যায়ে সম্পন্ন হয় ও জবাবদিহি নিশ্চিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান ও মহানগর আলী মুহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।







