জাতীয়

কঠিন সময় আসছে, তেল ও জিনিসপত্রের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

কঠিন সময় আসছে, তেল ও জিনিসপত্রের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল- খবরের থাম্বনেইল ফটো

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আমাদের জন্য প্রভাব ফেলছে। সামনে কঠিন সময় আসছে, তেলের দাম বাড়বে এবং সাধারণ জিনিসপত্রের মূল্যও বৃদ্ধি পাবে। এসব চাপ সহ্য করতে আমাদের প্রস্তুত থাকতে হবে।”


তিনি এই মন্তব্য করেছেন সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আমরা আমাদের কাজের মাধ্যমে সৎভাবে এগিয়ে যাচ্ছি। বৃদ্ধ বয়সেও আমাদের ছুটি নেই, প্রতিদিন অফিসে এসে কাজ করতে হয়। আমরা কাজ করে সওয়াব পাব।”


মহাসচিব আরও বলেন, “যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমেছে, কিন্তু পাম্প ভাঙচুর করা ঠিক নয়। আইনকে উপেক্ষা করে কোনো কাজ আমরা বরদাস্ত করব না।”


মন্ত্রী বলেন, “গম ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আলু বৃষ্টিতে নষ্ট হয়েছে। নির্বাচনের আগে আমরা কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলাম, যা বাস্তবায়ন করেছি। প্রধানমন্ত্রী কৃষকদের সহায়তার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে এবং দেশে কয়েক কোটি মহিলাকে এ কার্ডের মাধ্যমে সাহায্য প্রদান করা হবে। এছাড়াও দেশের ২০ হাজার খাল খননের কাজ সম্পন্ন করা হবে।”


সম্পর্কিত খবর