জাতীয়
১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে বিশেষ কমিটির বৈঠক শুরু

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি। কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার বেলা ১১টায় শুরু হয়েছে।
বৈঠকে আলোচনা হবে কোন অধ্যাদেশ গৃহীত হবে, কোনটি সংশোধন প্রয়োজন, আর কোনটির আরও পরিবর্তন লাগবে। বিশেষ কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কিছু অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মনে হচ্ছে, আবার কিছুতে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী জন-আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে।
তিনি বলেন, কিছু অধ্যাদেশে জুলাইযোদ্ধাদের স্বীকৃতি বা ইনডেমনিটির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলো গ্রহণযোগ্য হবে। এছাড়া আগের সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ সংক্রান্ত সিদ্ধান্তও সহজে বাতিলযোগ্য হবে।
বিশেষ কমিটি সীমিত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে। বৈঠকের মাধ্যমে অধ্যাদেশ যাচাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে এবং ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন দাখিল করা হবে।
সংবিধান অনুযায়ী, সংসদের অধিবেশনে না থাকার সময় রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করেন, সেগুলো অধিবেশনের প্রথম দিনে উত্থাপন করতে হয়। উত্থাপিত অধ্যাদেশ ৩০ দিনের মধ্যে পাস না হলে আইনি বৈধতা হারায়। তাই প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, পরবর্তী সংসদ অধিবেশন ২৯ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।







