জাতীয়
হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তি (Extradition Treaty) অনুযায়ী তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্ত্রী বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনেই প্রথম গণহত্যা শুরু হয়েছিল এবং এখান থেকেই স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়।
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে পুনরায় রাজারবাগে এসে শহিদদের ত্যাগ স্মরণ করেছেন। দীর্ঘ কয়েক বছর পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ পুনরায় শুরু হওয়াকে তিনি আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন।
পুলিশ সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করতে বিশ্বের উন্নত রাষ্ট্রের কাছ থেকে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে গতকাল এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







