জাতীয়
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সামিটে অংশ নেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউজে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেন ডা. জুবাইদা রহমান। এই সম্মেলনে বিশ্বের ৪৫টির বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিনী অংশগ্রহণ করেন।
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাঁর আমন্ত্রণে দুই দিনের সম্মেলনে অংশ নেন জুবাইদা রহমান। তাঁর সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জন শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।
মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বুধবার সকালে হোয়াইট হাউজে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অতিথিদের স্বাগত জানান। এসময় ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিশুদের কল্যাণে একযোগে কাজ করার বিষয়ে মত বিনিময় করেন। জুবাইদা রহমান মেলানিয়া ট্রাম্পকে সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
সমাপনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন জুবাইদা রহমান।
ডা. জুবাইদা ২৩ মার্চ ঢাকা ছাড়ার পর লন্ডন যাত্রা বিরতি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। সম্মেলনের সমাপনী অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রদর্শনীও পরিদর্শন করেন, যেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বাংলাদেশের শিশু কল্যাণ ও জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরেন। অংশগ্রহণকারী বিশ্বনেতাদের প্রতিনিধি বাংলাদেশের অভিজ্ঞতায় গভীর আগ্রহ প্রকাশ করেন এবং শিশুদের কল্যাণে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাত্কারে ডা. জুবাইদা রহমান বলেন, “বাংলাদেশ বৈশ্বিক অভিজ্ঞতা থেকে জ্ঞানার্জন এবং বিশ্বের সকল শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অন্যান্য ফার্স্ট লেডি ও স্পাউসদের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।”







