জাতীয়
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের প্রতি সংস্থার অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। আজ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ সমর্থন জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বৈঠকে মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। এছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার প্রশংসা করেন।
আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয়ও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট ও এর কারণে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর যে প্রভাব পড়ছে তা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণটি মহাসচিব আন্তরিকভাবে গ্রহণ করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকটি সমাপ্ত হয় দুই পক্ষের পক্ষ থেকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মাধ্যমে।







