ক্যাম্পাস

রাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

রাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবন-১সহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


এদিন সকাল ৭টায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে এবং সকাল ৭টা ৩০ মিনিটে গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।


এ সময় হল প্রশাসন, রাকসু, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট, শিক্ষক সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনার ও গণকবর স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অনুষদের অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়া বিকেল ৫টায় উপাচার্য ভবনে রাবির শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।


অনুষ্ঠানে উপাচার্য শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, মো. ফজলুল হক, মো. মোতাহার হোসেন প্রমুখ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান একাধারে আত্মত্যাগ ও গৌরবের। এই অবদান চির অম্লান হয়ে থাকবে এবং জাতি তাঁদের কাছে চিরঋণী।


দিবসের কর্মসূচিতে আরও ছিল—সকাল ৯টায় নিজ নিজ কার্যালয়ে রাকসু, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির আলোচনা সভা; বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা।


এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৬টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা ছিল।


সম্পর্কিত খবর