ক্যাম্পাস

গোবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

গোবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮২.৫২ শতাংশ।


আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১,০৭০ জন ভর্তিচ্ছুর মধ্যে ৮৮৩ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ১৮৭ জন। পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।


পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছুদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।


প্রথম দিনের পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে এবং সার্বিকভাবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে শিক্ষক-কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিদর্শকদের পাশাপাশি মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছেন।


প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ১০ এপ্রিল একই সময়ে বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।


চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০টি, বি ইউনিটে ৫০০টি এবং এ ইউনিটে ৭৫৫টি আসনসহ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১,৫০৫টি।


সম্পর্কিত খবর