ক্যাম্পাস
যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ষষ্ঠবারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‘সি’ ইউনিটে যবিপ্রবিতে আসন রয়েছে ১,৬৯৯টি। এর মধ্যে যবিপ্রবি কেন্দ্রে প্রায় ৮৬ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় আজ ২৭ মার্চ ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিটে মানবিক এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই দিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া প্রসঙ্গে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যবিপ্রবি কেন্দ্রে জিএসটির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি যবিপ্রবির সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
যবিপ্রবির কেন্দ্রের ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. কোরবান আলী জানান, ‘সি’ ইউনিটে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় যবিপ্রবির শুধুমাত্র একটি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সহায়তা প্রদানের জন্য সকল ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ-কমিটির সদস্য, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
এর আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। পরীক্ষা শুরু হওয়ার পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনকে সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।







