জাতীয়

নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: নাহিদ ইসলাম

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: নাহিদ ইসলাম- খবরের থাম্বনেইল ফটো

নারায়ণগঞ্জে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়া তৈরি না হওয়া নিশ্চিত করতে সতর্ক থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি দৃঢ় অবস্থান নেবে বলে তিনি জানিয়েছেন।


শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের কলেজ রোডে এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় তিনি বলেন, “নারায়ণগঞ্জ ইতোমধ্যেই এনসিপির একটি শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে।” তিনি স্থানীয় নেতাকর্মীদের অবদানের জন্যও ধন্যবাদ জানান এবং বিশেষভাবে এমপি আব্দুল্লাহ আল আমিনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।


তিনি বলেছেন, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে, এটা আমি ভবিষ্যৎ মনে করি না বরং বর্তমান বাস্তবতা। অলরেডি নারায়ণগঞ্জ এখন এনসিপির একটি শক্ত ঘাঁটি।


সংগঠন শক্তিশালী করার পেছনে স্থানীয় নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এটার জন্য অবশ্যই কৃতিত্ব আপনাদের, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে কাজ করেছেন।


তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান এমপি আব্দুল্লাহ আল আমিনকে, যিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার ও মাফিয়ারা। তিনি আরও বলেন, গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।


বর্তমান সংগ্রামের লক্ষ্য নিয়ে তিনি বলেন, এখন আমাদের সংগ্রাম হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে এখানকার মানুষের জন্য গড়ে তোলা, যাতে সাধারণ মানুষ উপকৃত হয় এবং তাদের পক্ষে কথা বলা হয়।


এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।


সম্পর্কিত খবর