জাতীয়
চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্র সচিবদের ১৪তম বৈঠকে যোগ দিতে আগামী ২ এপ্রিল তার তিন দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল।
কূটনৈতিক সূত্র জানায়, রোববার বিকেলে বেইজিং থেকে ঢাকাকে জানানো হয় যে সুন ওয়েইডংকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। ফলে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠেয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে তিনি অংশ নিতে পারবেন না।
এই পরিস্থিতিতে রোববার দুই দেশ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সুন ওয়েইডংয়ের বাংলাদেশ সফরের কথা ছিল। খসড়া সূচি অনুযায়ী, ২ এপ্রিল রাতে কলম্বো থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল তার। পরদিন ৩ এপ্রিল পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সূচিও নির্ধারিত ছিল।
এ ছাড়া ৪ এপ্রিল দুপুরে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথাও ছিল সুন ওয়েইডংয়ের।
প্রসঙ্গত, সর্বশেষ ২০২৪ সালের জুনে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল।





