জাতীয়
কুষ্টিয়ায় ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে গুলি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজমকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে।
শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়নের বিল আমলা এলাকার মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে তামাক ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শফিকুল ইসলাম সদরপুর বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে প্রতিষ্ঠান থেকে বাইরে ডেকে নেন। বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম জানান, তার ডান চোখ, বাম চোয়াল ও ওপরের পেটে গুলি লেগেছে। পেটে লাগা গুলিতে ভেতরের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





