ক্যাম্পাস

লাইন ভেঙ্গে গেলনে তেল নেয়ার প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

লাইন ভেঙ্গে গেলনে তেল নেয়ার প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর- খবরের থাম্বনেইল ফটো

সাভার নবীনগরে জ্বালানি তেল পাম্পে লাইন ভেঙে গেলনে তেল নেওয়ার প্রতিবাদ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর ও গায়ে তেল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 


রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সাভারের নবীনগর এলাকার নবীনগর সিএনজি ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ রানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শাকিল ইসলাম জানান, ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ রানা মোটরসাইকেলে তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক যুবক লাইন ভেঙ্গে পেছন থেকে এসে জারে তেল নিতে শুরু করেন। বিষয়টি নিয়ে সৌরভ প্রতিবাদ করলে ওই যুবক ক্ষুব্ধ হয়ে তার সাথে থাকা কয়েকজনকে নিয়ে সৌরভকে মারধর করেন।


তিনি আরো জানান, এ সময় পাম্পের এক কর্মচারী সৌরভের শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে মারধরের পর ওই কর্মচারী ফোন দিয়ে আরো কয়েকজনকে ডেকে আনেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী সৌরভ রানাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসেন।


এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং জাকসুর নেতৃবৃন্দসহ অনেকে।


জাকসুর জিএস মাজহারুল ইসলাম এক ফেসবুক পোস্টে লিখেন, "নবীনগরে তেলের পাম্পে নিয়ম ভঙ্গ করে তেল সংগ্রহের প্রতিবাদ করায় জাবির ৫১ ব্যাচের এক শিক্ষার্থীকে মারধর ও আগুন জ্বালিয়ে দেয়ার হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি।


ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী থানায় অভিযোগ করেছেন। আশুলিয়া থানার ওসির সঙ্গে কথা হয়েছে এবং হামলাকারীর তথ্য প্রদান করা হয়েছে। ওসি সাহেব বিকেলে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং অভিযুক্তের তথ্য অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন। আমরা আশা রাখছি দ্রুততম সময়ের মধ্যে উক্ত অভিযুক্তকে উপযুক্ত আইনের আওতায় নিয়ে আসা হবে। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের যৌক্তিক অবস্থানের জায়গাকে অসম্মানকারীদের ব্যাপারে সবসময় আমাদের দৃঢ় অবস্থান থাকবে।"


এ বিষয়ে পাম্পের মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর