জাতীয়
গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না, সরকারকে ডাকসু ভিপির হুশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, “গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস দেখাবেন না।”
সোমবার (৩০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টে ডাকসু ভিপি লিখেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রায় ৭০ শতাংশ জয়ী হওয়া সত্ত্বেও বিএনপি সরকার জনমতের প্রত্যাখ্যানের জন্য সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টতই জাতির সঙ্গে তামাশা এবং প্রতারণা।
সাদিক কায়েম আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়া পাস করতে হবে।”
সরকারকে সতর্ক করে ডাকসু ভিপি বলেন, “জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করে, তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না।”
এর আগে, সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, তার কার্যকারিতা শেষ হওয়ায় এটি সংসদে বিল আকারে পাস করার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার রাতে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনার পর অনেকগুলো আগের মতোই পাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু অধ্যাদেশ সংশোধিত আকারে বিল হিসেবে আনা হবে। বিশেষ কমিটির রিপোর্ট আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপন করা হবে।




