ক্যাম্পাস
শিক্ষার্থীদের সঙ্গে একই টেবিলে সহকারী হল প্রভোস্টের রাতের খাবার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই–৬ হলের সহকারী হল প্রভোস্ট ড. রাশেদুল ইসলাম হল ডাইনিংয়ের খাবারের মান পরিদর্শন ও শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ডাইনিং পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে একই টেবিলে বসে রাতের খাবার গ্রহণ করেন।
রোববার (৩০ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটে তিনি জুলাই–৬ হল ডাইনিংয়ের কিচেনসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি ডাইনিংয়ের পরিবেশ, খাবারের মান এবং রান্নার প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে রাতের খাবার খান।
সহকারী হল প্রভোস্টকে শিক্ষার্থীদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খেতে দেখে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং হল প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে হল প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা বাড়বে এবং ডাইনিংয়ের খাবারের মান আরও উন্নত হবে।
জুলাই–৬ হলের আবাসিক শিক্ষার্থী নাবিল রায়হান বলেন, “হল প্রভোস্ট স্যার আমাদের সঙ্গে এক টেবিলে বসে খাবার খেয়েছেন, এটি আমাদের জন্য খুবই আনন্দের। এতে করে আমাদের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমবে এবং ডাইনিংয়ের খাবারের মান আরও ভালো হবে বলে আমরা আশা করি।”
আরেক আবাসিক শিক্ষার্থী মেশকাত হোসেন বলেন, “স্যার নিজে ডাইনিং পরিদর্শন করেছেন এবং আমাদের সঙ্গে বসে খাবার খেয়েছেন—এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমরা চাই হল প্রশাসন নিয়মিত এভাবে ডাইনিং মনিটরিং করুক এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো সরাসরি শুনুক।”
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও হল প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং হলের সার্বিক পরিবেশ ও ডাইনিং ব্যবস্থার আরও উন্নয়ন হবে।







