ক্যাম্পাস

রুয়েটে প্রথমবারের মতো রিভার্স ওসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

রুয়েটে প্রথমবারের মতো রিভার্স ওসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে রিভার্স ওসমোসিস (RO) ভিত্তিক আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। দীর্ঘদিনের আয়রনসমৃদ্ধ পানির সমস্যার কার্যকর সমাধান হিসেবে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত পানীয় জল নিশ্চিত করা সম্ভব হবে।


বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত চারটি আবাসিক হল—মেল হল-১, মেল হল-২, ফিমেল হল-১ (নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল) এবং ফিমেল হল-২—এর ছাদে ইতোমধ্যে প্লান্ট স্থাপনসহ প্রয়োজনীয় সব কারিগরি কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।


রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেলের নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। তিনি জানান, মাননীয় উপাচার্যের নির্দেশনায় প্রাথমিকভাবে নতুন চারটি হলে এই প্লান্ট চালু করা হয়েছে। রাজশাহী অঞ্চলের আয়রনসমৃদ্ধ পানির দীর্ঘস্থায়ী সমস্যার প্রেক্ষাপটে এই উদ্যোগ কার্যকর সমাধান দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে প্রকল্পটি ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।


রিভার্স ওসমোসিস প্রযুক্তি একটি আধুনিক ও কার্যকর পানি পরিশোধন পদ্ধতি, যেখানে বিশেষ ঝিল্লির মাধ্যমে পানির ক্ষতিকর উপাদান, অতিরিক্ত লবণ, আয়রনসহ বিভিন্ন অমেধ্য অপসারণ করা হয়। এর ফলে নিরাপদ, স্বচ্ছ ও স্বাস্থ্যসম্মত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়।


প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নতুন হলগুলোর প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা। অন্যদিকে শিক্ষার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় বলে অভিহিত করেছেন। তাদের প্রত্যাশা, এর মাধ্যমে দীর্ঘদিনের পানির মানগত সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে এবং আবাসিক জীবনে স্বস্তি ফিরে আসবে। পাশাপাশি দ্রুতই এই সুবিধা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল ও স্থাপনাতেও সম্প্রসারণ করা হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।


সম্পর্কিত খবর