ক্যাম্পাস
বেদখলকৃত হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম জবি ছাত্রদলের

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত আব্দুর রহমান হল ও সৈয়দ নজরুল ইসলাম হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দুই হল উদ্ধারে অভিযান চালান সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা বেদখলকৃত দুই হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দেন।
এর আগে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি রায়সাহেব বাজার হয়ে আরামিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বেদখল হলগুলোর বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান।
এরপর টিপু সুলতান রোডে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম হলের সামনে ব্যানার টানিয়ে বসবাসরতদের হলের জায়গা ছাড়তে ১০ দিনের আল্টিমেটাম দেন তারা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দেওয়াল লিখনের মাধ্যমে দখলকৃত হলের গেটগুলোতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল’, ‘অবৈধভাবে দখল করা হল ছাড়তে হবে’ ইত্যাদি স্লোগান লেখেন।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আগামী ১০ দিনের মধ্যে এখানে বসবাসরত পরিবারগুলো সরে যাবেন। তারা আমাদের কাছে সাত দিনের সময় চেয়েছিলেন। মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমরা ১০ দিনের আল্টিমেটাম দিয়েছি।”
সংগঠনটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “যেকোনো ধরনের অপশক্তিকে রুখে দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নিজেদের দখলে নেওয়া হবে। ছাত্রদল জানে কীভাবে আন্দোলন করতে হয় এবং কীভাবে দাবি আদায় করতে হয়।”
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা আব্দুর রহমান হল ও সৈয়দ নজরুল ইসলাম হল পরিদর্শন করেন এবং হল দুটির সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম আবাসন সংকটে ভুগছেন।
এ সময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, অনিক আরিফসহ জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।








