ক্যাম্পাস
জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এ, বি, সি, ডি ও ই ইউনিটের পঞ্চম পর্যায়ের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৬ এপ্রিল পর্যন্ত।
বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের এ, বি, সি, ডি ও ই ইউনিটের পঞ্চম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (https://jnuadmission.com) নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ করতে হবে এবং নির্ধারিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে।
এছাড়া আগামী ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত (সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে) বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কাগজপত্র জমাদানের স্লিপ সংগ্রহের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য মোট ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ)। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ভর্তি ফি ১০ হাজার ৬৩০ টাকা। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইনস্টিটিউটগুলোর (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) জন্য ভর্তি ফি ১০ হাজার ৬৩০ টাকা।
অন্যদিকে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ এবং সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ)। চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্যও ভর্তি ফি ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ)।
উল্লেখ্য, এই ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকলে পরবর্তীতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।







