জাতীয়

সৌদি আরবে জনশক্তি রফতানি বৃদ্ধির আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সৌদি আরবে জনশক্তি রফতানি বৃদ্ধির আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রফতানি বৃদ্ধি এবং বাংলাদেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


সোমবার (৩০ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের সাইডলাইনে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান।


মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহানও বৈঠকে অংশগ্রহণ করেন।


বৈঠকে সৌদি উপমন্ত্রী আইএলওতে সৌদি আরবের বিরুদ্ধে আনীত কতিপয় মামলার আলোচনায় বাংলাদেশ স্থায়ী মিশনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।


প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি রাজপরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। মন্ত্রী সম্প্রতি মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই সঙ্কটকালে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও সহায়তা প্রদানের জন্য সৌদি সরকারকে কৃতজ্ঞতা জানান।


সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সৌদি সরকারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে অর্জিত দক্ষতাকে স্বীকৃতি প্রদানের জন্য সৌদি সরকারকে অনুরোধ জানান।


এক্ষেত্রে বাংলাদেশের কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে সৌদি আরবের তত্ত্বাবধানে ঢেলে সাজানোর এবং অভিবাসনপ্রত্যাশী কর্মীদের আরবি ভাষা প্রশিক্ষণের জন্য অনুরোধ করেন। এতে সৌদি আরবের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যোগ্যতার স্বীকৃতি প্রদানে সুবিধা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


বৈঠকে সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশ ও সৌদি আরব শ্রমক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।


সম্পর্কিত খবর