ক্যাম্পাস
জবির নবনির্বাচিত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছে জকসু প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সমালোচনামূলক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ইতিবাচক মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে দিতে হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জকসুর ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, জকসুর একটি সুস্পষ্ট আইনগত কাঠামো রয়েছে, যা ধারণ করে দায়িত্বশীলভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি বলেন, প্রতিনিধিরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে তা বাস্তবায়ন সহজ হবে এবং শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় জকসুর সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত উপাচার্য ও জকসু সভাপতিকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







