ক্যাম্পাস
অনলাইনে শিক্ষা-কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের প্রতিবাদে জাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের দেশব্যাপী অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের একাংশ
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশের সংকটময় মুহূর্তে এসে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করা সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে বলে মন্তব্য করেন। এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।
মানববন্ধনে জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, করোনাকালীন সময়ে দেশে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রমে জটিলতা লক্ষ্য করা গেছে এবং শিক্ষার্থীদের পড়াশোনার অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে।
তিনি আরও বলেন, "আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেলের সংকটে দেশের এই ক্রান্তিলগ্নে একদিকে যেমন সরকার কুটনৈতিক ও রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে তারা গ্রামাঞ্চলের কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম ধ্বংসের পরিকল্পনা করছে। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।"
শাখা ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন শুভ বলেন, বিশ্বব্যাপী সংকটের প্রভাবে বাংলাদেশে জ্বালানি ঘাটতি তীব্র আকার ধারণ করেছে, এমনকি মাত্র অল্প কিছু দিনের মজুদ থাকার আশঙ্কাও রয়েছে। কিন্তু এ বিষয়ে সংসদে কার্যকর কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। এর বদলে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবসম্মত নয়। কারণ এটি অধিকাংশ শিক্ষার্থীর জন্য কার্যকর নয়। তাই আমরা দেশের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রমের সিদ্ধান্ত বাতিল করতে হবে। সেইসাথে আমরা জ্বালানি সংকট মোকাবিলায় স্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনার দাবি জানাচ্ছি।








