ক্যাম্পাস
গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২,৪৭০ পরীক্ষার্থী

২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
এই ইউনিটে মোট পরীক্ষার্থী ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ৭টি উপকেন্দ্রে পরীক্ষা দেবে ২২ হাজার ৪৭০ জন শিক্ষার্থী।
বরাবরের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী সারাদেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। এ বছর ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্রসংগঠন। শিক্ষার্থীদের সহায়তার জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। অসুস্থতাজনিত জরুরি সেবা দিতে প্রস্তুত থাকবে মেডিকেল টিম।
এছাড়া সার্বিক শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি রোভার স্কাউট, বিএনসিসি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। একই সঙ্গে সড়কের যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট ও ভবনের প্রবেশমুখে রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবক উপস্থিত থাকবেন। পাশাপাশি অভিভাবকদের জন্য নির্মাণাধীন টিএসসি ভবনে বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ (২০টি):
১. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
৫. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ
১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর
১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর
১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর
২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ







