জাতীয়

১২৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে ঢাকা

স্টাফ রিপোর্টার

শেয়ারঃ

১২৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে ঢাকা- খবরের থাম্বনেইল ফটো

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে রয়েছে। সম্প্রতি শহরটিতে দূষণের মাত্রা ওঠানামা করছে।


শুক্রবার (৩ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১২৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৬০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।


এদিকে তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের বায়ুমানের স্কোর ৩৫২, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। দেশটির আরেক শহর মুম্বাই ৯৭ স্কোর নিয়ে তালিকার ১৬তম অবস্থানে রয়েছে।


দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাইর স্কোর ২২৩। এই শহরের বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।


এ ছাড়া ১৯২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে চীনের বেইজিং, ১৬১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হ্যানয়, ১৬০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৫৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে দক্ষিণ কোরিয়ার ইনচেওন এবং একই স্কোর নিয়ে সপ্তম অবস্থানে দেশটির আরেক শহর সিউল রয়েছে। এসব শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।


একিউআই (AQI) স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।


২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


সম্পর্কিত খবর