ক্যাম্পাস
পাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছভুক্ত প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাবিপ্রবি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৫০৬ জন। এর মধ্যে ৬ হাজার ৬৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১ হাজার ৪৪০ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৮২ শতাংশ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক ড. মো. জাকির হোসাইন ও ড. মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এছাড়াও জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল ড. মো. নাজমুল ইসলাম, কো-ফোকাল ড. মীর হুমায়ূন কবীর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইনি। একজন শিক্ষার্থী পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে চিকিৎসকের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছিল। বিশৃঙ্খলা এড়াতে ছেলে ও মেয়েদের জন্য পৃথক গেটের ব্যবস্থা করা হয়। এছাড়া পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে, সে জন্য রোভার স্কাউটদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।”







