জাতীয়

‘জুলাই সনদ সরকার নিজের মত করেই বাস্তবায়ন করবে, এটা সনদেই উল্লেখ আছে’

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

‘জুলাই সনদ সরকার নিজের মত করেই বাস্তবায়ন করবে, এটা সনদেই উল্লেখ আছে’- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, যারা সরকার গঠন করবে তারা তাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটাই জুলাই সনদেই লেখা আছে। প্রধানমন্ত্রী বলেছেন আমরা জুলাই সনদের পক্ষে। সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।


শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় চিফ হুইপ এসব মন্তব্য করেন।


চিফ হুইপ মনি বলেন, বিএনপি সরকারে এসে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করেছে। বিরোধী দল একের পর এক অবস্থান বদলাচ্ছে; কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংবিধান সংশোধনের দাবি, আবার কখনো অনাবশ্যক সংস্কারের দাবি তুলে ভোটপ্রক্রিয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ ধরনের দাবি পরাজয়ের প্রতিক্রিয়া।


নির্বাচন প্রক্রিয়া ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, নির্বাচনের আগে বিরোধীরা এই ব্যবস্থা চেয়েছিল। তবে আন্তর্জাতিক উদাহরণ অনুসারে, বড় গণতান্ত্রিক দেশগুলোতেও পিআর ব্যবস্থা নেই। কোনো অযৌক্তিক দাবি বাস্তবায়নের অজুহাতে নির্বাচন বন্ধ রাখা যাবে না। জুলাই সনদ নিয়ে বিএনপি কোনো বিরোধিতা করেনি; বরং কিছু ভিন্নমত প্রদর্শন করেছে, যা সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে।


চিফ হুইপ মনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে। সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সরকার ও বিএনপি মিলে এ লক্ষ্য অর্জন করবে।


চিফ হুইপ নুরুল ইসলাম মনি অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক ও সামাজিক সংকট দূর করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলেন। কৃষি, খাদ্য নিরাপত্তা, বনায়ন ও বেসামরিক কল্যাণমূলক নীতি প্রবর্তনের ফলে মানুষ সুস্থ ও স্বচ্ছল জীবনযাপন করতে পেরেছিল। বর্তমান সরকারও তারেক রহমানের নেতৃত্বে একই ধারায় জনগণের কল্যাণে কাজ করছে এবং নতুন উদ্যোগ, যেমন কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড, ইতিমধ্যেই চালু হয়েছে।


চিফ হুইপ মনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাশ্রয়ী ও ন্যায্য রাষ্ট্রনেতা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, নিজের অফিস ও সরকারি যন্ত্রপাতি ব্যবহার অত্যন্ত সংযমে করছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়ে প্রয়োজন ছাড়া এসি চালান না।


চিফ হুইপ বলেন, সনদ বাস্তবায়নে বিরোধী দলের কোনো অযৌক্তিক বাধা কার্যকর হবে না এবং দেশের সংবিধান, আইন ও নিয়মাবলী অনুসরণ করে এটি বাস্তবায়ন করা হবে।


সম্পর্কিত খবর