ক্যাম্পাস
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় গোবিপ্রবির আল কোরআন ক্লাব

২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র ও মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আল কোরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাব।
আজ ৩রা এপ্রিল (শুক্রবার) সকাল থেকে ক্লাবের সদস্যরা পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তার জন্য শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন আল কোরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের উপদেষ্টা আমির হামজা, পরিচালক সাইফুল্লাহ ইসলাম এবং অন্যান্য সদস্যবৃন্দ।
ভর্তি পরীক্ষা উপলক্ষে তথ্য সহায়তা কেন্দ্র ও মেডিকেল ক্যাম্পে পরীক্ষার্থীদের জন্য কলম, সুপেয় পানি এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়। এছাড়াও অভিভাবকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়।
ক্লাবের সেক্রেটারি আবু হুরায়রা ইসলাম সাইফুল্লাহ বলেন, "আমরা সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ার পক্ষে রয়েছি। তার ধারাবাহিকতায় আমরা এখানে সহায়তা বুথ স্থাপন করেছি। এখানে পরীক্ষার্থীদের জন্য ফুল, কলম, স্যালাইন, ঔষধ ইত্যাদির ব্যবস্থা রয়েছে। এছাড়া তাদের ব্যাগ, মোবাইল ফোন ও মানিব্যাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস আমরা নিরাপদে সংরক্ষণ করছি। দূরদূরান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবে আমরা সর্বদা পাশে আছি।"
তিনি আরও বলেন, "প্রতিবছর আমরা এই সহায়তা কেন্দ্র পরিচালনা করি। আমাদের উদ্দেশ্য হলো সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক গড়ে তোলা। আগামীর বাংলাদেশে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে, শিক্ষার্থীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা তাদের পাশে কাজ করে যাচ্ছি।"







